কোন্দল বা অনৈক্য পরিহার করে নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ভূমিমন্ত্রী

আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। 
 
শনিবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। কোনোভাবেই দলীয় কোন্দল বা অনৈক্য বরদাশত করা হবে না। শৃঙ্খলা ভঙ্গকারীদের প্রয়োজনে দল থেকে বহিষ্কার করা হবে। এ সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করার জন্য সকলকে আহ্বান জানান। এজন্য ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কাজ জনসাধারণের নিকট তুলে ধরার আহ্বান জানান তিনি।
 
এ সময় অন্যান্যের মধ্যে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা সদরের এমপি গোলাম ফারুক প্রিন্স, শামসুল হক টুকু এমপি, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহিম লাল, সহ-সভাপতি নূরুজ্জামান বিশ্বাস, সাইদুল হক চুন্নু, শহীদুল্লাহ, জাহাঙ্গীর কবীর রানা, যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট আহাদ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/নূহু