রাস্তা সংস্কারে নেমে পড়লেন গ্রামবাসী

রাজশাহী জেলার তানোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ধানতৈড় গ্রাম। গ্রামে ঢুকতেই মসজিদের পার্শ্বের রাস্তা থেকে গ্রামে গড়ে উঠা ছোট্ট বাজার পর্যন্ত প্রায় ২শ’ ফিট কর্দমাক্ত রাস্তার বেহাল অবস্থা। আর গত তিনদিনের বৃষ্টিতে কর্দমাক্ত রাস্তাটি আরও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই শনিবার সকালে বেহাল এই কর্দমাক্ত রাস্তাটির সংস্কার কাজে নিজ উদ্যোগে নেমে পড়লেন গ্রামবাসী।
 
স্থানীয় ওই গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন থেকে রাস্তাটির বেহাল অবস্থা। এতে ধানতৈড় গ্রামসহ আশেপাশের অত্যন্ত ৪টি গ্রামের লোকজন এই রাস্তায় যাতায়াত করেন। ফলে গ্রামের এইজন গুরুত্বপূর্ণ রাস্তাটির এমন বেহাল অবস্থা দেখে আমরা নিজেরাই স্বেচ্ছাশ্রমে রাস্তাটি মেরামতের ব্যবস্থা গ্রহণ করি।  
 
ধানতৈড় গ্রামের আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম, হারুন অর রশীদ, আব্দুস সোহবান, মনিরসহ অনেকেই জানান, আমরা নিজেরাই এই কর্দমাক্ত রাস্তায় মাটি ফেলে ঠিক করছি। একটু বৃষ্টি হলেই এই রাস্তায় চলাচল করা যায় না। কাদার কারণে গাড়ি নিয়ে চলাচল আরো দুর্বিষহ হয়ে ওঠে। এমন বেহাল রাস্তার দশা দেখেও যখন কর্তৃপক্ষের টনক নড়েনি তখন আর কি করা, নিজেরাই বাধ্য হয়ে রাস্তার কাজে নেমে পড়েছি। 
 
ইত্তেফাক/জেডএইচ