কুমিল্লার আদালতে খালেদা জিয়ার জামিন শুনানি পেছাল

কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় বাসের ৮ জন যাত্রী হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ফের পিছিয়ে আগামী ৭ জানুয়ারি ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম শামছুল আলম রবিবার দুপুরে এ আদেশ দেন। এর আগে এ মামলায় গত ১১ নভেম্বর কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক আবদুর রহিম শুনানির দিন রবিবার (২৫ নভেম্বর) ধার্য করেছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য রবিবার ধার্য তারিখ ছিল। এ মামলায় জামিনপ্রাপ্ত অপর ১০ জন আসামি আদালতে হাজির না হয়ে রবিবার আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন করেন। এতে রাষ্ট্রপক্ষ থেকেও খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ও জামিন শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। আদালত আগামী ৭ জানুয়ারি জামিন আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য করেন।