বাগেরহাটে দুই মাসে গ্রাম আদালতের মাধ্যমে ৪২০ মামলা নিষ্পত্তি

ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে কার্যকরীকরণের লক্ষ্যে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা রবিবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। 
 
জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নার্গিস পারভীন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা প্রমুখ বক্তৃতা করেন। 
 
সভায় বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পুলিশ সুপারের প্রতিনিধি, জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও ইউএনডিপি প্রতিনিধি অংশগ্রহণ করেন। 
 
সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের বাগেরহাট জেলার ডিসট্রিক্ট ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায় জানান, বাগেরহাট জেলার ৬টি উপজেলার ৪২টি ইউনিয়নের গ্রাম আদালতে জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৬৭ টি মামলা দায়ের হয়েছে। যার মধ্যে ৪৪টি মামলা উচ্চ আদালত থেকে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৪২০টি মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং ১০৮টি মামলা বাতিল হয়েছে। নিষ্পত্তিকৃত মামলার সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে মোট ৪৬ লাখ ৮২ হাজার ২১৯ টাকা ক্ষতিপূরণ আদায় করে ক্ষতিগ্রস্ত পক্ষকে দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/জেডএইচ