চাকরিতে ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবি

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চবি শাখা। রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে তারা এ মানববন্ধন করে।
 
ছাত্রনেতা অর্পন চাকমার সঞ্চালনায় পিসিপি চবি শাখার সংগঠক ত্রিরত্ন চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ চবি শাখার সদস্য সোহেল চাকমা, পিসিপি মহানগর শাখার সভাপতি হ্লাচিংমং মারমা, সাধারণ সম্পাদক অমিত চাকমা ও অর্থ সম্পাদক রীতা চাকমা প্রমুখ।
 
মানববন্ধনে বক্তারা বলেন, পশ্চাদপদ জনগোষ্ঠীগুলোকে এগিয়ে নেওয়ার জন্য কোটা ব্যবস্থা পুনরায় চালু করা ছাড়া অন্য কোন উপায় নেই।  দেশের পশ্চাদপদ সংখ্যালঘু জাতিগুলোকে শিক্ষাদীক্ষা ও চাকরিসহ উন্নয়ন সূচকে পেছনে রেখে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও উন্নত দেশে রূপান্তরিত করার সরকারের স্বপ্ন কখনোই বাস্তবায়ন সম্ভব হবে না। বরং দেশকে উন্নত, সমৃদ্ধ ও আধুনিক করতে হলে সংখ্যালঘু জাতিগুলোকে সবদিক দিয়ে এগিয়ে নিতে হবে।
 
বক্তারা আরো বলেন, পাহাড় ও সমতলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে  কোন আলোচনা ব্যতিরেকে তাদের সংরক্ষিত ৫% কোটা বাতিলের অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ সিদ্ধান্ত ‘সংবিধানের ২৩ক, ১৯, ২৭, ২৮ ও ২৯ অনুচ্ছেদের পরিপন্থী। 
 
ইত্তেফাক/জেডএইচ