রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চুরি যাওয়া শিশুটি উদ্ধার

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক শিশুটিকে ৪ দিন পর উদ্ধার করেছে ডিবি পুলিশ। রবিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরমাণু চিকিৎসা কেন্দ্রের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ইয়াসমিন সুলতানা মুন্নি (৩২) নামের এক নারীকে গ্রেফতার করে। 
 
বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের হল রুমে সাংবাদিকদের এ ঘটনা ব্রিফ করতে গিয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ বলেন, রংপুর মেট্রোপলিটন এলাকা ঘোষণা হওয়ার পর এটাই ছিলো চাঞ্চল্যকর মামলা। আমরা সফল হয়েছি। যেকোনো ঘটনায় চ্যালেঞ্জের মোকাবেলা করার ক্ষমতা আমাদের রয়েছে। শিশুটি উদ্ধারের ব্যাপারে লালমনিরহাট, নীলফামারীসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। 
 
তিনি আরো জানান, অভিযানের সূত্র ধরে রবিবার পরমাণু চিকিৎসা কেন্দ্রের পাশে একটি পরিত্যক্ত ভবন থেকে নবজাতক শিশুটি উদ্ধার ও ইয়াসমিন সুলতানা মুন্নিকে গ্রেফতার করা হয়। ইয়াসমিন সুলতানা মুন্নি বাড়ী লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী গ্রামে। প্রেস ব্রিফিং শেষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নবজাতক শিশুটিকে মায়ের কোলে তুলে দেওয়া হয়। 
 
উল্লেখ্য, গত মঙ্গলবার নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাড়িরঝাড়া গ্রামের পরশ চন্দ্রের স্ত্রী সুধারানী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। তাকে ১১ নং প্রস্তুতি বিভাগে ভর্তি করা হয়। সেখানে ওই রাতে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তান জন্ম দেন সুধা রানী। গত বুধবার সকালে নবজাতককে নিয়ে আত্মীয় স্বজনরা বারান্দায় এলে একজন অজ্ঞাত মহিলা শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকে। এক পর্যায়ে মহিলাটি বাচ্চাটিকে নিয়ে উধাও হয়ে যায়।
 
ইত্তেফাক/জেডএইচ