স্নান ঘাট এলাকাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলবে সরকার

অসাম্প্রদায়িকতার এক অনন্য উদাহরণ সৃষ্টি মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মহাতীর্থ স্থান লাঙ্গলবন্দে ১২০ কোটি টাকা ব্যয়ে ৭টি নতুন ঘাট নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। লাঙ্গলবন্দ স্নান ঘাট এলাকাকে একটি পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে ১২০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে বর্তমান সরকার। 
 
সেই ধারাবাহিকতায় রবিবার বিকেলে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দে বিষ্ণুপ্রিয়া ঘাট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনের মধ্য দিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। 
 
প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আজকে লাঙ্গলবন্দে উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে বন্দরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। মঞ্চের সামনে যারা বসে আছেন তাদের সিথিতে সিঁদুর দেওয়া আর বাইরে যারা ভিড় করেছেন তারা সবাই হিজাব পরা। আজকের ক্ষেত্রটা দেখে মনে হচ্ছে হিন্দু মুসলিম কোন পরিচয় নয় আমরা সবাই বাঙ্গালী। যেমনটা ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দু মুসলিম নির্বিশেষে যুদ্ধে অংশ গ্রহণ করে দেশ স্বাধীন করেছে। 
 
তিনি আরো বলেন, লাঙ্গলবন্দ হিন্দুরা বছরে মাত্র ২ দিনের জন্য ব্যবহার করেন। বাকি সময়টা মানুষের জন্য ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী হাজার কোটি টাকা ব্যয়ে লাঙ্গলবন্দকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলবেন। আর সেই মানুষ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। বন্দরকে ফুলের নগরী উল্লেখ করে তিনি বলেন, বন্দর হচ্ছে ফুলের শহর। সাবদীতে বাহারি ফুলের চাষ হয়। আগামী ফুলের মৌসুমে বন্দরে ফুল মেলার আয়োজন করা হবে। 
 
ইত্তেফাক/জেডএইচ