‘আমাদের বিদ্যালয় আমরাই গড়বো’ এই শ্লোগানকে ধারণ করে টাংগাইলের নাগরপুরে প্রাথমিক শিক্ষা কার্যক্রম এগিয়ে যাচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আজিজ মিয়ার নির্দেশনায়, উপজেলা শিক্ষা অফিস ও জনগণের সহায়তায় নাগরপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোকে আধুনিকায়ন করা হচ্ছে।
এর অংশ হিসেবে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জন্য বিদ্যালয়গুলো রং করা, দেয়াল লিখন, শ্রেণিকক্ষ সজ্জিত করণ, খেলাধুলার উপকরণ, বাগান করাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কার্যক্রম, স্কাউটিং কার্যক্রম শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে বিশেষ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে সুসজ্জিত ওয়াশ ব্লক ব্যবহার, দুপুরের খাবার খাওয়ার পূর্বে সাবান দিয়ে হাত ধোয়ার কৌশল শেখানোও হচ্ছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের বিদ্যালয়ে সম্পৃক্ত করতে করা হচ্ছে উঠান বৈঠক ও মা সমাবেশ। যার উপকার ভোগ করতে শুরু করেছে শিক্ষার্থীরা। এর বাইরে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হচ্ছে।
সোমবার (১৫ অক্টোবর) দিনব্যাপী গৃহীত এ সকল কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আজিজ মিয়া।
IMG0
এ সময় তিনি সাংবাদিকদের জানান, ‘অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়কে নিজের করে ভাবতে হবে। তাহলেই প্রাথমিক শিক্ষাক্ষেত্রে সফলতা আসবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করে তোলার লক্ষ্যে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে। এখন দরকার সকলের সহযোগিতা। আপনাদের সহযোগিতা থাকলে নাগরপুরকে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে একটি মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা মো.ফরহাদ আলী, আসাদুজ্জামান চৌধুরী, জি এম ফুয়াদ, শিপ্রা সরকার প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ