পার্বতীপুরে আল আমিন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুরে চাঞ্চল্যকর আল আমিন হত্যা মামলার আসামি আসাদুজামান চঞ্চলকে (৪০) দিনাজপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেপ্তার করেছে। আজ সোমবার সকালে পুলিশ বড়পুকুরিয়া কয়লা খনির আবাসিক গেট থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির সহকারী কর্মকর্তা (ভান্ডার) হিসেবে কর্মরত। 
 
গত ৫ আগস্ট রবিবার রাত আনুমানিক ৮টায় উপজেলার হাবড়া ইউনিয়নের ফুলেরঘাট বাজারে চায়ের দোকানে অবস্থানরত আল আমিন প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। তাকে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পার্বতীপুর মডেল থানায় ৬ আগস্ট নিহতের চাচা তোফাজ্জাল হোসেন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিসসহ ২১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 
 
দায়েরকৃত মামলার দুই নম্বর আসামি আসাদুজ্জামান চঞ্চল। এ ঘটনায় আহত ব্যক্তি মনজুরুল ইসলাম (৩৩) প্রায় ১ মাস পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে উপজেলার হাবড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের মরনাই মৌজার প্রায় ১০০ একর জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। দিনাজপুর পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) এ মামলা তদন্ত করছেন।
 
দিনাজপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ পরিদর্শক আব্দুল মান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
ইত্তেফাক/কেকে