মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় সুরাইয়া খাতুন (৭) নামে এক কন্যাশিশু নিহত হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির মা কামিনী বেগমকে (২৫) আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, উপজেলার চরকচুয়া গ্রামের আলতাব হোসেন তার দুই কন্যাশিশু ও স্ত্রীকে নিয়ে রবিবার বিকেলে মাগুরার যাওয়ার উদ্দেশ্যে সাচিলাপুর বাজার থেকে ভ্যানগাড়ি যোগে আমতৈল বাজারে যাচ্ছিল। পথিমধ্যে তারাউজিয়াল কাজী বাড়ি নামক স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহী পরিবহন ভ্যানগাড়িটিকে ওভারটেক করতে গিয়ে পিছন দিক দিয়ে সজোরে ধাক্কা দেয়। এ সময় যাত্রীরা পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে কন্যাশিশু সুরাইয়া খাতুন ও তার মা কামিনী বেগম মারাত্মক আহত হয়। পরে তাদের মাগুরা সদর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রবিবার রাতেই শিশুটির মৃত্যু হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক গাড়িটি আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/বিএএফ