মামার লাশ আনতে গিয়ে ভাগিনা নিহত

লাকসামে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন।আহত হয়েছেন অপর একজন। নিহত মোটরসাইকেল আরোহী হলেন, পৌর এলাকার পেয়ারাপুর মধ্যম পাড়ার বিল্লাল হোসেনের ছেলে শাহআলম (২৭)। আজ মঙ্গলবার দুপুরে শহরের রাজঘাট পশ্চিম বাজারে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহআলমের মামা আবদুল খালেক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান। ঢাকা থেকে অ্যাম্বুলেন্স যোগে ওই লাশ দুপুরে লাকসাম জংশন এলাকায় এসে পৌঁছালে শাহআলম তার বন্ধু আবদুর রাজ্জাককে সঙ্গে নিয়ে অ্যাম্বুলেন্স রিসিভ করে আনতে জংশন অভিমুখে রওয়ানা হন। 
 
পথিমধ্যে রাজঘাট পশ্চিম বাজারে অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করা কালে সামনের একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহআলম নিহত হন। গুরুতর আহত অবস্থায় আবদুর রাজ্জাককে লাকসাম একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
 
ইত্তেফাক/কেকে