ইউরোপের যে কোন দেশে অবৈধ অভিবাসনকে নিরুৎসাহিত করার আহবান জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)। ১৩ অক্টোবর শনিবার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে আন্তদেশীয় এই কমিউনিটি সংগঠনটির ১৪তম সভায় এ আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। জার্মানি ছাড়াও চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ও রোমানিয়ার দায়িত্বে আছেন এই জ্যেষ্ঠ কূটনীতিক।
আয়েবা সভাপতি ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদিনের সভাপতিত্বে এবং মহাসচিব কাজী এনায়েত উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পোল্যান্ডের কাতোভিচ নগরীতে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইঞ্জিনিয়ার ওমর ফারুক, চেক প্রজাতন্ত্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টিগ্রেশন বিভাগের প্রধান ইয়ান কেপকা, প্রাগের বিখ্যাত চার্লস বিশ্ববিদ্যালয়ের হেড অব চ্যান্সেলর ড. মিলান প্রাসিল, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বারের অন্তর্বর্তীকালীণ কমিটির প্রধান শাহগীর বখত ফারুক ও আর্জেন্টিনা-বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট আলীম আল রাজি। প্রাগের কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াস উদ্দিন, ডা. ফাইজুল ভূইয়া মামুর, ডা. রমেশ বিশ্বাস, কামাল হেনা ও আজহার কবির বাবু বক্তব্য রাখেন।
স্বাগতিক চেক প্রজাতন্ত্র ছাড়াও ফ্রান্স, ইতালি, গ্রীস, স্পেন, যুক্তরাজ্য, পোল্যান্ড, সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষ কমিউনিটি নেতৃবৃন্দ সভায় যোগ দেন।
আগামী ২ বছরের জন্য বার্লিনে রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় এবং পায়রা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে জার্মান প্রতিষ্ঠান সিমেন্সের ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগ নিশ্চিত হওয়ায় আয়েবার তরফ থেকে রাষ্ট্রদূত ইমতিয়াজকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
ইত্তেফাক/টিএস