ঘাট সমস্যায় দৌলতদিয়ায় যানবাহন পারাপার ব্যাহত

দেশের ব্যস্ততম দৌলতদিয়ায় ঘাট সমস্যায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া মোট ৬টি ঘাটের মধ্যে মঙ্গলবার দুইটি ঘাট দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এতে করে মহাসড়কের ৫ কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। আটকে পড়া যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে একদিকে সরু চ্যানেল, অপরদিকে চ্যানেলে নাব্যতা সংকট চলছে। নাব্যতা সংকট কাটাতে বিআইডব্লিউটিএ’র ৪টি ড্রেজার খনন কাজ চালিয়ে যাচ্ছে। তারপরও দৌলতদিয়া ১ ও ২ নম্বর ঘাটে নাব্যতা সংকটের কারণে পণ্য বোঝাই করা কোনো ফেরি ভিড়তে পারে না। সেখানে কোনো ফেরি ভিড়লেও অর্ধ বোঝাই করে ভিড়তে হয়। ৫ ও ৬ নম্বর ঘাট দুটির সামনে ড্রেজিং কাজ করার ফলে ওই দুটি ঘাট দিয়ে যানবাহন উঠানামা বন্ধ রাখতে হয়েছে। এ পরিস্থিতিতে শুধু ৩ ও ৪ নম্বর ঘাট দুটি স্বাভাবিক রয়েছে। সেখানেও ফেরি থেকে পড়ে গিয়ে এক শিশু নিখোঁজ হওয়ায় উদ্ধারকারী দলের সুবিধার্থে মাঝে মধ্যে বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। এ অবস্থায় অনেক ফেরিই পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে এসে ঘাট না পেয়ে চ্যানেলের মুখে অপেক্ষা করতে হচ্ছে।
 
IMG0
 
সরেজমিন মঙ্গলবার দুপুরে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত অন্তত ৫ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি। এরমধ্যে প্রথম দিকে ২ কিলোমিটার ফোরলেন সড়কের বাম পাশে দুই লাইনে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস রয়েছে। পেছনের দিকে এক সারিতে রয়েছে শত শত পন্যবাহী ট্রাক। অনেক ট্রাক আছে যারা দুইদিন আগে ঘাটে এসেও ফেরির নাগাল পায়নি।
 
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক সফিকুল ইসলাম ঘাট সমস্যার কথা স্বীকার করে জানান, গুরুত্বপূর্ণ শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ওই রুটের বিপুল সংখ্যক যানবাহন দৌলতদিয়ায় এসেছে নদী পাড়ি দিতে। স্বাভাবিক যানবাহনের সঙ্গে ওই সব যানবাহন যুক্ত হওয়ায় অতিরিক্ত গাড়ির চাপে দৌলতদিয়ায় দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।
 
ইত্তেফাক/কেকে