দিনাজপুরের ফুলবাড়িতে সড়ক দুর্ঘটনায় পরেশ রায় (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দিনাজপুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের চিরিরবন্দরের উচিৎপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পরেশ রায় চিরিরবন্দরের ফুলপুর কুতুবপুর (বাগানপাড়া) গ্রামের ধীরেন রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরেশ রায় মোটরসাইকেল যোগে আমবাড়ি হাট থেকে দুর্গাপূজার খরচ নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। তিনি উচিৎপুরে পৌঁছলে দিনাজপুরগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পরেশ রায়ের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে সড়কের দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
ফুলবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী ও ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম বলেন, চালককে দ্রুত গ্রেপ্তারসহ আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাসে এলাকাবাসীরা অবরোধ তুলে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ইত্তেফাক/বিএএফ