শরণখোলায় ডালিম সিকদার (৩৭) নামে এক ইউপি সদস্য দুর্বৃত্তের দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার ৮নং আমড়াগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যলয় প্রাঙ্গনে এ হামলার ঘটনা ঘটে।
খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন জানান, তার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য ডালিম সিকদার মঙ্গলবার দুপুরে আমড়াগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বসে বিদ্যালয় সংক্রান্ত কাজে শিক্ষকদের সঙ্গে আলোচনা করছিলেন। সেখানে আগে থেকেই উপস্থিত থাকা উত্তর আমড়াগাছিয়া গ্রামের হারেজ তালুকদারের পুত্র খোকন তালুকদার অতর্কিতে দা নিয়ে মেম্বর ডালিমের ওপর ঝাপিয়ে পড়ে। তাকে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় উপস্থিত লোকজন তাকে ঠেকাতে গেলে খোকন দৌড়ে পালিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন মেম্বর ডালিম ইত্তেফাককে বলেন, এলাকায় সন্ত্রাসী প্রকৃতির খোকন তালুকদারের সঙ্গে তার পূর্ব শত্রুতা ছিল। এ কারনে সে আমাকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কুপিয়েছে।
শরণখোলা থানার প্রধান কর্মকর্তা দিলীপ কুমার সরকার জানান, এ ঘটনা তাকে কেউ জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু