মুক্তিপণের টাকা দিয়ে ১০ দিনেও ছাড়া পায়নি শরণখোলার দুই জেলে

মুক্তিপণের ৬০ হাজার টাকা পরিশোধ করার পরেও শরণখোলার দুই জেলেকে ছেড়ে দেয়নি বনদস্যু ‘ছত্তার ভাই’ বাহিনী। গত দশ দিন ধরে বনদস্যুদের হাতে জিম্মি রয়েছে  শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের হারুন বয়াতির পুত্র মিজান বয়াতী (২৫) এবং একই গ্রামের লুৎফর তালুকদারের পুত্র  সুজন তালুকদার (২০)। 
 
জেলে মিজানের ভাই মো. শাহিন বয়াতী জানান, গত ৬ অক্টোবর মাছ ধরে ফেরার সময় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শিয়ালা নামক এলাকা থেকে বনদস্যু ‘ছত্তার ভাই’ বাহিনী দুই জেলেকে  অপহরণ করে। অপহরণের তিন দিন পর বনদস্যুদের দাবিকৃত মুক্তিপণের ৬০ হাজার টাকা বিভিন্ন নাম্বারে বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত দস্যুরা তাদেরকে ছেড়ে দেয়নি। মুক্তিপণ পেয়ে দস্যুরা জানিয়েছিল অবরোধ শেষ হলে তাদের ছাড়া হবে। এরপর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ হয়নি। দীর্ঘ দিন দুই জেলে দস্যুদের কাছে জিম্মি থাকায় পরিবারের লোকজন আহাজারি করছেন ।
 
এ ব্যাপারে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ মঙ্গলবার বিকেলে মুঠোফোনে ইত্তেফাককে বলেন, এই দুই জেলেসহ পশ্চিম সুন্দরবনের বেশ কয়েকজন জেলে বনদস্যু ছত্তার বাহিনীর কাছে জিম্মি রয়েছে। বর্তমানে মৎস্য আহরণের অবরোধ চলায় দস্যুরা হয়তো গহীন বনে রয়েছে। এ কারণে তাদের নাগাল পাওয়া যাচ্ছে না। তবে, কোস্টগার্ডের গোয়েন্দা তৎপরতা এবং উদ্ধার অভিযান চলছে।
 
ইত্তেফাক/নূহু