যশোরের অভয়নগরে সাবেক হুইপ শেখ আবদুল ওহাবের নির্বাচনী গাড়িবহরের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যশোর-খুলনা মহাসড়কের বেঙ্গলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র রাকিবুল ইসলাম মুন্না (১৮) উপশহর নওয়াপাড়া গ্রামের মিল শ্রমিক ইউসুফ হোসেনের একমাত্র ছেলে। সে স্থানীয় নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের সাবেক হুইপ ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আবদুল ওহাব তার নির্বাচনী এলাকা যশোর-৪ আসনের নির্বাচনী প্রচারণার জন্য একটি গাড়িবহর নিয়ে রের হন। গাড়িবহটি নওয়াপাড়া বাজার থেকে বাঘারপাড়া উপজেলায় যাওয়ার সময় যশোর-খুলনা মহাসড়কের বেঙ্গলগেট পার হলেই ফুটপাতে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্র মুন্নাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত মুন্নাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত বলে ঘোষণা করেন।
মুন্নার মৃত্যুর খবরটি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ‘লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
ইত্তেফাক/বিএএফ