পুলিশের আইজি জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘আগামী নির্বাচনে জনগণ পুলিশের ওপর আস্থা রাখবে। কারণ এতো দিন পুলিশের ওপরে আস্থা ছিল, এখনও আছে। এরপরও পুলিশের ওপরই আস্থা থাকবে। আমরা মনে করছি না আগামী নির্বাচনেও জঙ্গিবাদের কোন প্রভাব পড়বে। তবে আমরা যে কোন আশঙ্কাকে সামনে রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে থাকি।’
বুধবার রাতে নারায়ণ শহরের আমলাপাড়া এলাকার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পূজায় আইনশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, ‘সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চমৎকার অবস্থায় রয়েছে। পুরো পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে আমরা আশা ও বিশ্বাস করি।’
আইজিপি আরও বলেন, ‘কোথাও জঙ্গি হামলা হয়নি। পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদিতে বের করে সেখানে আমরা অপারেশন চালিয়েছি। আমাদের অপারেশনে দুইজন জঙ্গি নিহত হয়েছে। আজকে দুইজনকে আত্মসমর্পণ করেছে।’
এ দুর্গাপূজায় আমরা যেভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি তা আমরা সকল ধরনের আশঙ্কাকে মাথায় রেখে নিরাপত্তার ব্যবস্থা করে থাকি। সুতরাং আমাদের আশঙ্কা অনুযায়ী আমরা সব ধরনের নিরাপত্তা গ্রহণ করেছি।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, র্যাব-১১ এর অধিনায়ক রাসেল আহমেদ কবির, পুলিশ সুপার আনিসুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক শংকর সাহা প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ