বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ শরণখোলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার দুপুর আড়াইটায় উপজেলা সদর রায়েন্দা কেন্দ্রীয় কালীমন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে বদিউজ্জামান সোহাগ বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ একে অপরের ধর্মীয়সহ সব ধরণের উৎসবে সামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে আজ সারাদেশে নির্বিঘ্নে দুর্গোৎসব পালিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যাতে আবার ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশবিরোধীরা এক হয়েছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতাকে নস্যাৎ করতে গভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ওই ষড়যন্ত্রকারীরা যাতে সফল হতে না পারে সেজন্য সকল বিভেদ ভুলে জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন, শরণখোলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন আকন, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, জাকির হোসেন খান মহিউদ্দিন, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা মধু, জালাল আহমেদ রুমী প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ