অসাম্প্রদায়িক রাষ্ট্র চাইলে নৌকায় ভোট দিন: লিয়াকত শিকদার

ফরিদপুর-১ নির্বাচনী এলাকার মধুখালীতে শতাধিক দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন ওই আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার।
 
বৃহস্পতিবার উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন এবং মণ্ডপ কমিটির সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
 
এ সময় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার বলেন, ‘আগামীতেও যদি অসাম্প্রদায়িক রাষ্ট্র চান, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ চান তাহলে একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া এদেশকে আলোর পথে অন্য কেউ নিতে পারবে না। অতীতের সরকারগুলো এদেশকে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিলো। শেখ হাসিনা আজ আমাদের আলোর পথ দেখিয়ে চলছেন। সেটা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই।’
 
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো বলেই এই দুর্গাপূজা সার্বজনীন আনন্দে রূপ নিয়েছে। আমরা সকলে মিলে এই উৎসবে অংশ নিচ্ছি।’
 
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ রায়, আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান, নিপেন্দ্র নাথ সাহা, যুবলীগের কেন্দ্রীয় সদস্য জাহিদুল হক জুয়েল, সাবেক ছাত্র নেতা শাহরিয়ার রুমি রনি, মেহেদী হাসান, কামরুল ভূঁইয়া, তৈফিক সেতু, হুমায়ূন কবির জনি প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ