রংপুরে ৪শ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুর র‌্যাব-১৩ এর ব্যাটালিয়ন সদর ও ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩, গাইবান্ধার একটি আভিযানিক দল ৪শ বোতল ফেন্সিডিলসহ ৩ কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার পলিপাড়ার বাসিন্দা মৃত মতিউর রহমানের পুত্র আজাদ মিয়া (৪০), মোঃ মোসলেম উদ্দিনের পুত্র আতাউর রহমান (১৮) এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার দাড়িকামারী বাসিন্দা মোঃ মনোয়ার হোসেনের পুত্র আমিনুল ইসলাম (৩৬)।
 
এ সময় তাদের কাছ থেকে ৪শ বোতল ফেন্সিডিল, ১টি পিকআপ, ৪টি মোবাইল এবং ৯টি সীমকার্ড উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/নূহু