গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিখোঁজ হওয়া ব্যবসায়ী রাসেল সরকারের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের বড় দাউদপুর গ্রামের একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রাসেল সরকার ওই গ্রামের খুশি সরকারের ছেলে ও উপজেলার মীরপুর বাজারের ইলেকট্রনিক্স ব্যবসায়ী ছিলেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এমরানুল কবীর জানান, বুধবার বিকালে রাসেল সরকার বাড়ি থেকে মীরপুর বাজারের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান যান। তারপর তিনি রাতে বাড়ি ফিরে না আসলে তার স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজখবর করে তার কোন সন্ধান পান নাই। পরে বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির অদূরে কলাবাগানে তার লাশ দেখে এলাকাবাসীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহতের গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করার চিহ্ন ও বুকে সুচ দিয়ে ক্ষতবিক্ষত করা দাগ দেখতে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বৃহস্পতিবার বিকালে জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/বিএএফ