শ্রীপুরে অগ্নিকাণ্ডে পাটের ২ গুদাম ভস্মীভূত

মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে অগ্নিকাণ্ডে দুটি পাটের গুদাম ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
ক্ষতিগ্রস্ত পাট গুদামের মালিক, পাট ব্যবসায়ী ও গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মন্নু জানান, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মাল বোঝাই ট্রাকের সঙ্গে বৈদ্যুতিক তার বাধাপ্রাপ্ত হয়। এ সময় বৈদ্যুতিক তার ছিরে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বাজারের লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে মাগুরার শ্রীপুর এবং ঝিনাইদহের শৈলকুপার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে উভয় উপজেলার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে মনিরুল ইসলাম মন্নুর গুদামে রাখা আনুমানিক ২২০ মণ, পাশের গুদাম শৈলকুপার কুশাবাড়িয়া গ্রামের বাসিন্দা পাট ব্যবসায়ী মতিয়ার রহমানের ৪০০ মণ পাটসহ দুটি গুদামঘর পুড়ে ছাই হয়ে যায়।
 
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে পুড়ে তাদের আনুমানিক ১৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
 
এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অধির কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুনের সূত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/বিএএফ