রাজবাড়ীতে ট্রেনের সঙ্গে ভটভটির ধাক্কায় ৩ শ্রমিক নিহত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের সঙ্গে শ্রমিকবাহী ভটভটি গাড়ির সংঘর্ষে ঘটনস্থলে ৩জন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরো ৮ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে রাজবাড়ীর কালুখালী থেকে ভাটিয়াপাড়া যাবার (ফরিদপুর এক্সপ্রেস) সময় বালিয়াকান্দির সোলাকুড়া রেলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের শহিদ শেখের ছেলে সরোয়ার শেখ (২২), একই গ্রামের এলেম সরদারের ছেলে ইমরান সরদার (২২) ও তুলশী বরাট গ্রামের শুকুর আলীর ছেলে শাকিল শেখ (২০)। ঘটনায় আহত ৮জনকে ফরিদপুর হাসপাতাল সহ স্থানীয় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রাজ্জাক জুট মিলের শ্রমিকবাহী একটি গ্রাম বাংলা (অটোরিক্সা) ১৪ জন শ্রমিক নিয়ে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া যাচ্ছিল। জামালপুর রেলগেট ক্রসিং করার সময় কালুখালী থেকে একটি ট্রেন আসছিল। ভটভটিচালক এ অবস্থায় ভটভটি নিয়ে রেল লাইনে উঠে গেলে ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে জুট মিলের ৩ শ্রমিক নিহত হয়।
 
বালিয়াকান্দি থানার প্রধান কর্মকর্তা (ওসি) একেএম আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/নূহু