খাসোগি হত্যা তদন্তের জন্য তুরস্ক আমেরিকার সঙ্গে কোন ধরনের অডিও শেয়ার করবে না। আজ শুক্রবার দেশটির পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়। খবর রয়টার্সের।
মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দুইদিন আগে বৈঠকের পর আজ শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু বলেন, আমেরিকার সঙ্গে কোন ধরনের অডিও শেয়ার করার কোন প্রশ্নই আসে না, তুরস্ক মাইক পম্পেও কিংবা আমেরিকার কারও সঙ্গে কোন অডিও শেয়ার করেনি।
তুরস্কের সরকারপন্থী এক সংবাদমাধ্যম এক খবরে জানায়, তুরস্কের কাছে এমন অডিও রেকর্ড আছে যা খাসোগিকে যে সৌদি আরব হত্যা করেছে তার স্পষ্ট প্রমাণ আছে।
অন্যদিকে সংবাদমাধ্যম এবিসি জানায়, চলতি সপ্তাহে তুরস্কে সফররত মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেওকে ওই অডিও রেকর্ড ও আরও কিছু প্রমাণ দেখায় তুরস্ক।
তবে এবিসি এই খবরকে মিথ্যা বলে দাবি করে মাইক পম্পেও। এ ব্যাপারে মাইকের দাবি, আমি কিছু দেখিনি, আমি কোন অডিও রেকর্ড শুনিনি, কোন প্রমাণাদিও দেখিনি।
উল্লেখ্য, গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেট অফিসে প্রবেশের পর সাংবাদিক জামাল খাসোগির সন্ধান মেলেনি। তুরস্ক দাবি করছে, কনসুলেট অফিসের মধ্যে তাকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে হত্যাকাণ্ডে অংশ নেয়া ১৫ জনের ছবিও প্রকাশ করেছে দেশটির সরকারপন্থি সংবাদমাধ্যম।
ইত্তেফাক/এসআর