রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার থেমে নেই। স্থানীয়সহ পাশের ফরিদপুর, মানিকগঞ্জ ও পাবনা জেলা থেকে বিভিন্ন জেলেরা স্থানীয়দের সহযোগিতায় ইলিশ শিকার করছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকার করায় বৃহস্পতিবার রাতে ১৫ জেলেকে আটকের পর জেল হাজতে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। তাদের রাতেই রাজবাড়ী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। তিনজন নির্বাহী হাকিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সহযোগিতায় গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর উজানচর, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ১৫ জেলেকে আটক করা হয়। এরা হলো মো. আজিজ (৪৮), বাতেন শেখ (৪০), হযরত আলী শেখ (৪০), আলম শেখ (৩৫), রাজিব হোসেন (২৫), কোরবান খান (৩৭), আব্দুর রহিম প্রামানিক (২৫), সেলিম শেখ (২৫), সৌরব আলী প্রামানিক (৪২), দেলোয়ার শেখ (৩২), ইসলাম মোল্যা (২৫), খবির মোল্যা (৩৭), বিপুল সরদার (২৫), মাইনদ্দিন প্রামানিক (৪৮) ও ইউনুস শেখ (৩৬)।
আটককৃত প্রত্যেকের বাড়ি উপজেলার উজানচর, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে। পৃথক তিনটি ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম, গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত শিপলু, রাজবাড়ীর সহকারী জেষ্ঠ্য কমিশনার মো. হাবিবুল্লাহ ও রেজওয়ানা নাহিদ আটককৃত প্রত্যেক জেলেকে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রাতে তাদের প্রিজন ভ্যানে করে রাজবাড়ীর জেলা কারাগারে পাঠানো হয়। এ সময় জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিম খানায় বিতরণ শেষে জালগুলো ফেরিঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়।
ইত্তেফাক/নূহু