টাঙ্গাইলের ভূঞাপুরে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী মেছোবাঘ আটক করেছে গ্রামবাসী। পরে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে মেছোবাঘটিকে উদ্ধার করে হস্তান্তরের জন্য বনবিভাগ কর্তৃপক্ষকে জানান। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাগবাড়ি এলাকা থেকে বাঘটিকে উদ্ধার করা হয়।
গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম দুলাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে মেছোবাঘটি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন মিলে জাল দিয়ে বাঘটিকে আটক করতে সক্ষম হয়। পরে তারা স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, স্থানীয় লোকজন মেছোবাঘটি জাল দিয়ে আটক করে প্রশাসনকে অবহিত করে। পরে ঘটনাস্থলে গিয়ে বাঘটিকে নিরাপদস্থানে পাঠানোর জন্য বনবিভাগ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ইত্তেফাক/নূহু