সামাজিক যোগাযোগের মাধ্যমে কড়া নজরদারিতে উদ্বেগ এইচআরডব্লিউ’র

বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর কড়া নজরদারি শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এই প্রচেষ্টা বাক-স্বাধীনতায় প্রভাব ফেলবে বলে মনে করছে সংগঠনটি।
 
গতকাল শুক্রবার সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে ২০১৯ সালের জানুয়ারির মধ্যে নির্বাচন হবে। রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক, ইন্টারনেটে মন্তব্যকারী ও সম্প্রচারকারীদের টার্গেট করে সম্প্রতি একটি নতুন কঠোর আইন হয়েছে। বিরোধী দল ও স্বাধীন পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, এ নির্বাচনের সময়ে মতপ্রকাশের স্বাধীনতা ও সমালোচনাকে সংকুচিত করতে দমন-পীড়ন বাড়বে। যদিও সরকার বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ক্ষতিকর গুজব, মিথ্যা তথ্য বা আপত্তিকর মন্তব্য ঠেকাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
 
এইচআরডব্লিউ’র এশীয় পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, প্রতিপক্ষ ও সমালোচকদের স্তব্ধ করতেই বাংলাদেশ জননিরাপত্তার দাবি করছে। সরকারের এ নজরদারিতে ‘প্রাইভেসি’ অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে। বাংলাদেশে বর্তমানে ২ কোটি ৮০ লাখ ফেসবুক ব্যবহারকারী রয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি