৭ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ শিশু আখিরুলের

৭ দিন পার হলেও সন্ধান মেলেনি সিরাজগঞ্জের কামারখন্দে নিখোঁজ শিশু আখিরুলের (৫)। এ ঘটনায় গত সোমবার কামারখন্দ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আখিরুলের বাবা।
 
আখিরুল উপজেলার কুড়া উদয়পুর গ্রামের আব্দুর রাজ্জাক কাজীর ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে সে সবার ছোট।
 
আখিরুলের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় তার বাবার সঙ্গে ঘরে বসে মুড়ি খাচ্ছিল শিশু আখিরুল। এক পর্যায়ে সে ঘর থেকে বের হয়ে যায়। তারপর থেকে আর কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরের দিন সোমবার কামারখন্দ থানায় একটি সাধারণ ডায়েরি  করেছেন আখিরুলের বাবা আব্দুর রাজ্জাক।
 
এ ঘটনায় কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, শিশু আখিরুলের সন্ধানের জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি। এখন পর্যন্ত আমরা কোনো সন্ধান পাইনি। শিশুটির পরিবার ও পুলিশের পক্ষ থেকে শিশুটির সন্ধানের জন্য চেষ্টা অব্যাহত আছে। শিশুটির গায়ে ছিল নীল রংয়ের সোয়েটার ও পরনে ছিল সাদা প্যান্ট। শিশু আখিরুলের সন্ধান পেলে যোগাযোগ করুন-০১৭৭৬৬৫৬৫১৬ নম্বরে (শিশুটির ভাই)।
 
ইত্তেফাক/বিএএফ