বিএনপি না এলেও নির্বাচন হবে: ইনু

গরীবের টাকা আত্মসাৎ মামলায় আদালত খালেদা জিয়াকে সাজা দিয়েছেন। তিনি একজন আসামি। আদালত তাকে মুক্তি না দিলে বিএনপি যদি নির্বাচনে না আসে, তবুও যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা জাসদ আয়োজিত সমাবেশে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
 
তিনি বলেন, তথ্য প্রযুক্তি আইনে সংবাদপত্র ও সাংবাদিকদের সুরক্ষা দেওয়া হয়েছে। আইনটি দেশের জনগণ ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য করা হয়েছে। এর বিরোধীতা করে গুটিকয় সাংবাদিক মানববন্ধন করছেন। তারা আইনের কোনো ধারাকে সুনির্দিষ্টভাবে উপস্থাপন না করেই মানববন্ধন করছেন। 
 
আজ শনিবার বিকেলে আলমডাঙ্গার এটিম মাঠে আয়োজিত সমাবেশে উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সারোয়ারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম সবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাড. নবিউল আলম, সহ সভাপতি সফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক কুমার, মোঃ আব্দুল্লাহ, গোলাম মহসিন, জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপন,শ্রমিক জোটের সহসাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম লুলু।
 
উপজেলা জাসদের সভাপতি মিরাজুল ইসলামের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জাসদের সাধারন সম্পাদক এ্যড. আকসিদুল ইসলাম রতন, গোলাম কিবরিয়া ও আনিসুর রহমান আনিস প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু