পাবনায় সাংবাদিক হাবিবুর রহমান স্বপনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাগরিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভার আয়োজন করে পাবনার সচেতন নাগরিক সমাজ।
সভায় বক্তারা সাংবাদিক স্বপনের ওপর হামলার ৭ দিন পেরিয়ে গেলেও জড়িত কেউ গ্রেপ্তার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় তারা বলেন, হামলার পর পুলিশ সুপার জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলেও কোনো আশার আলো দেখা যাচ্ছে না। এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য সিআইডি’র হাতে ন্যস্ত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।
পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জাকির হোসেন, জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ব্যুরো, লালন স্মৃতি পরিষদের সভাপতি রেজাউল করিম মনি, পাবনা চেম্বারের সাবেক সভাপতি এম এ কাফী সরকার, ব্যবসায়ী মুক্তার হোসেন, সাহিত্যিক সাইদ হাসান দারা সহ সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাতে প্রেসক্লাব থেকে বাসায় ফেরার পথে বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের পাবনা প্রতিনিধি হাবিবুর রহমান স্বপনকে রড দিয়ে পিটিয়ে আহত করে দূর্বৃত্তরা। প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় সাংবাদিক স্বপনকে ঢাকার কমফোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।
ইত্তেফাক/বিএএফ