ইকুয়েডরের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন অ্যাসাঞ্জ

ইকুয়েডরের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ । বিবিসি জানিয়েছে, মৌলিক অধিকার ও স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে এ পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি।
 
সুইডেনে ধর্ষণ তদন্তে গ্রেপ্তার এড়াতে ২০১২ সাল থেকে ইকুয়েডরের লন্ডন দূতাবাসে অবস্থান করছেন অ্যাসাঞ্জ। পরে ওই ধর্ষণের তদন্ত প্রত্যাহার করা হয়। অ্যাসাঞ্জের আশঙ্কা, দূতাবাস থেকে বের হলে জামিন নীতিমালা ভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করা হতে পারে। সম্প্রতি তাকে বেশ কিছু নিয়মাবলী মেনে চলার জন্য বলা হয়েছে। এর মধ্যে বিড়ালের যত্ন নেওয়ার মতো বিষয়ও অন্তর্ভূক্ত রয়েছে।
 
অ্যাসাঞ্জের আইনজীবী বালতাসার গার্জন ইকুয়েডর পৌঁছেছেন মামলা দায়ের করার জন্য। আগামী সপ্তাহে এই বিষয়ে শুনানি হতে পারে।
 
বালতাসার অভিযোগ, রাজনৈতিক আশ্রয়ের অনুমোদন দিলেও ইকুয়েডর সরকার হুমকি দিয়েছে অ্যাসাঞ্জের নিরাপত্তা প্রত্যাহারের। এর মধ্যেই বহির্বিশ্বের সঙ্গে অ্যাসাঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।
 
বিবিসি জানায়, অ্যাসাঞ্জকে দেওয়া নির্দেশ নামায় উল্লেখ করা হয়েছে যদি বিড়ালের সুষ্ঠু যত্ন না নেওয়া হয় তাহলে সেটা বাজেয়াপ্ত করা হবে।
 
চলতি বছরের মার্চে অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বন্ধ করার কথা ইকুয়েডরও স্বীকার করেছে। তাদের অভিযোগ, অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ করছেন তিনি।
 
ইত্তেফাক/টিএস