সাভারে এক কলেজ ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃত কলেজ ছাত্র শাকিল আহমেদকে। শনিবার ভোর রাতে রাজধানীর মোহাম্মদপুর টাউনহল এলাকা থেকে অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া কলেজ ছাত্র মোঃ শাকিল আহাম্মেদ (১৯) বিরুলিয়া ইউনিয়নের কাকাবো গ্রামের খোকন মিয়ার ছেলে। সে ঢাকা কমার্স কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
এ ঘটনায় কলেজ ছাত্রের বাবা মোঃ খোকন মিয়া বাদী হয়ে শনিবার সকালে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ গ্রেপ্তারকৃতদের ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার ইসলামপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আরিয়ান মাসুদ (২৪), ঠাঁকুরগাও জেলার সদর থানার কালিবাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে আরমান শাহরিয়ার (২২) ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আটিবাজার গ্রামের মৃত শামসুল আলমের ছেলে সাজ্জাদ হোসেন রাব্বি (২১)।
তবে অপহরণের ঘটনার সঙ্গে জড়িত লক্ষ্মীপুর জেলার রামগতি থানার মোঃ ফারুকুল ইসলামের ছেলে তানজিরুল ইসলাম শুভসহ আরও দুইজন পলাতক রয়েছে।
মামলার বাদী খোকন মিয়া জানান, গত শুক্রবার বিকেলে প্রতিবেশী মাসুদের সঙ্গে মোটরসাইকেলে করে বিরুলিয়া ব্রিজের কাছে ঘুরতে যায় শাকিল। পরবর্তীতে বিকেল সাড়ে ৫টায় তার মোবাইল ফোনে কল দিলে অন্য কেউ মোবাইল রিসিভ করে। এ সময় আমার ছেলেকে মারধর করার শব্দ শুনতে পাই। তখন আমার ছেলের মুক্তির জন্য এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অন্যথায় তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। এ সময় তাদের কথামতো ওই রাতে ধাপে ধাপে এক লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরও আমার ছেলেকে না ছেড়ে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। পরে ঘটনাটি স্থানীয় বিরুলিয়া পুলিশ ফাঁড়িতে জানানো হলে শনিবার ভোররাতে শাকিলকে উদ্ধারসহ তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী জানান, অপহৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে প্রথমে মুক্তিপণের টাকা পাঠানো নাম্বারের বিকাশ এজেন্ট ঢাকার মোহাম্মদপুর টাউনহল এলাকার বাসিন্দা মোঃ মনির হোসেনকে শনাক্ত করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী অপহরণকারী আরিয়ান মাসুদকে আটক করা হয়।
এরপর মাসুদের দেওয়া তথ্য অনুযায়ী আরমান শাহরিয়ার ও সাজ্জাদ হোসেনকে আটক করে জানা যায়, অপহৃত শাকিল আহাম্মেদকে মিরপুর রূপনগর এলাকায় তাদের বন্ধু তানজিরুলের বাসায় আটকে রাখা হয়েছে। কিন্তু সেখানে গিয়ে তাদের পাওয়া যায়নি। পরে ভোররাতে মিরপুর সনি সিনেমা হলের সামনে শাকিলকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা।
সাভার থানার প্রধান কর্মকর্তা আবদুল আউয়াল জানান, অপহরণের ১২ ঘন্টার মধ্যেই পুলিশ কলেজ ছাত্রকে উদ্ধার ও অপহরণকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু