শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের সর্বোচ্চ শিখরে পৌঁছবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন।’
শনিবার সকাল ১০টার দিকে সাকুচিয়াবাসীর পক্ষ থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এর আগে সাকুচিয়ায় আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের ৩ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
পরিবেশ বন জলবায়ু উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, আমি শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। এলাকার উন্নয়নের জন্য কাজ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
সাবেক ছাত্রলীগ আহ্বায়ক মো. ছিদ্দিকুর রহমামের সঞ্চালনায় ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল্লাহ কাজল, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বিপক, ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানতউল্লাহ আল মহীর প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ