খাশোগি ধস্তাধস্তিতে মারা যাননি, সৌদির ব্যাখ্যা ভুয়া: তুর্কি কর্মকর্তা

ধস্তাধস্তিতে খাশোগি মারা গেছেন বলে সৌদি আরব যে দাবি করেছে তারা সঠিক নয় বলে মন্তব্য করেছে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেলেপমেন্ট-(একেপি) পার্টির মানবাধিকার শাখা। খবর তুর্কি গণমাধ্যম হুরিয়াত ডেইলির।
 
একেপির মানবাধিকার শাখার ডেপুটি চেয়ারম্যান বলেন, ‘খাশোগি ধস্তাধস্তিতে মারা যাওয়ার বক্তব্যটি সঠিক নয়। তাদের আরও আগেই সঠিক ঘটনাটি প্রকাশ করা  উচিত ছিল।’
 
খাশোগিকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে বলে ইঙ্গিত দেন এই কর্মকর্তা। তিনি বলেন, তুর্কি কর্তৃপক্ষ, প্রসিকিউটর, ফরেনসিক পুলিশ তদন্ত বিষয়ে কিছু উপসংহারে পৌঁছেছে।
 
খাশোগি নিখোঁজ হওয়ার ১৭ দিনের মাথায় শুক্রবার সৌদি জানায়, তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটেই সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে। দেশটির দাবি, গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান আহমদ আল আসিরি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অন্যতম দেহরক্ষি সৌদ আল কাতানিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে।
IMG0
তুর্কি বান্ধবীর সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি।
 
শুরু থেকেই তুরস্ক দাবি করেছিল খাশোগি নিখোঁজ হওয়ার দিন সৌদি গোয়েন্দাদের ১৫ সদস্যের একটি দল রিয়াদ থেকে ইস্তাম্বুল আসে। কনস্যুলেটের ভেতরে ঢুকে তারাই খাশোগিকে খুন করে। এরপর তার দেহ খণ্ডবিখণ্ড করা হয়। সৌদি আরব কর্তৃপক্ষ দাবি করেছিল কাজ শেষে কনস্যুলেট ত্যাগ করেন খাশোগি। দুই সপ্তাহে মাথায় আগের দাবি থেকে সরে এসে কনস্যুলেটেই খাশোগি খুন হন বলে স্বীকার করে সৌদি আরব।
 
খাশোগি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। সৌদি রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন তিনি।
 
ইত্তেফাক/টিএস