আমরা আর দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান হতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আমরা আর দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান হতে চাইনা। আমরা চাই একটি সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়তে। আর সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে।’ 
 
সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে রবিবার বিকালে বেলাব উপজেলার দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক আলোকচিত্র গ্যালারি এবং বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
 
আগামী সংসদ নির্বাচনে নৌকাকে আবারও বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যা বলেন তাই করেন। ওনার বিকল্প উনি নিজেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। বর্তমানে উন্নয়নে ভাসছে দেশ। আর এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামীতেও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
 
ক্রোনী গ্রুপের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সিআইপি অহিদুল হক আসলাম সানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক আইজিপি একেএম শহীদুল হক, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদী পুলিশ সুপার সাইফুল্লাহ-আল-মামুন। 
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুর রউফ সরদার, বেলাব উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শমসের জামান ভূইয়া রিটন, ৭১ আর্কাইভের নির্বাহী পরিচালক প্রণব সাহা অপু, চরউজিলাব ইউনিয়ন চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান প্রমুখ।
 
ইত্তেফাক/এমআই