সীতাকুণ্ডে এক’শ বছর পর সড়ক সংস্কার

সীতাকুণ্ডে দীর্ঘ একশত বছর পর অবশেষে অবহেলিত সড়ক সংস্কারের কাজ স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে সম্পন্ন রা হয়েছে। রবিবার দুপুর ১২টায় স্থানীয় সাংসদ দিদারুল আলমের হস্তক্ষেপে বাঁশবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ আকিলপুর সড়কের কাজ সম্পন্ন করে জনগণ ও গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
 
অনুষ্ঠানে সাংসদ বলেন, দেশ স্বাধীনের অনেক আগে থেকে প্রায় একশত বছর ধরে এ সড়কের সংস্কারের কাজ কখনো হয়নি। এ সড়ক দিয়ে গ্রামের হাজার হাজার লোক প্রতিদিন চলাচল করে থাকে। কিন্তু শত বছর ধরে অবহেলিত সড়কটি খানাখন্দক থাকায় এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বছরের পর বছর প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হয়। 
 
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও ভালবাসায় এ সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে। তাই আসন্ন সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। 
 
এ সড়ক সংস্কারের ব্যয় ধরা হয়েছিল ৫৩,৫৯,৩৭২ টাকা। সড়কের টেন্ডারে দায়িত্ব পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান মোর্টস। 
 
সড়ক উন্মুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, কুমিরা ইউপি চেয়ারম্যান মো. মোরশেদ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা সরোয়ার কামাল লাতু, ইউপি সদস্য মো. মাহাবুব আলম প্রমুখ।
              
ইত্তেফাক/জেডএইচ