আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিটে উৎপাদনে বিপর্যয়

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-কিশোরগঞ্জ ১৩২ কেভি সঞ্চালন লাইনে ত্রুটির কারণে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিট একযোগে বন্ধ হয়ে যায়। উৎপাদন নেমে আশে শূন্যের কোটায়। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায় ১১৪৬ মেগাওয়াট। এতে তাৎক্ষণিকভাবে কারখানার আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
 
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বিকট শব্দে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনে বিপর্যয় ঘটে। পরে বন্ধ হওয়া ১৪টি ইউনিটের মধ্যে কারখানার নিজস্ব প্রকৌশলীরা চেষ্টা চালিয়ে পর্যায়ক্রমে ১২টি ইউনিট চালু করতে পারলেও এখনো বন্ধ রয়েছে ২টি ইউনিট। 
 
বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, রবিবার সকালে হঠাৎ করে আশুগঞ্জ-কিশোরগঞ্জ জাতীয় সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দিলে বিকট শব্দে বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিট বন্ধ হয়ে যায়। পরে কারখানার নিজস্ব প্রকৌশলীরা চেষ্টা চালিয়ে ৩ ঘণ্টা পর দুপুর ১২টার মধ্যে পর্যায়ক্রমে কারখানার সচল ৯টি ইউনিট উৎপাদনে ফিরে আসে। সন্ধ্যার পরে ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট-৩ ও ৪, ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরে আসে।
 
তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিপিপিসি ও ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রিসিশন ইউনিটটি এখনো বন্ধ রয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা বন্ধ হওয়া ইউনিটগুলো চালু করার চেষ্টা করছেন। 
 
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. শাহ আলম খান জানান, চাহিদা কম থাকায় কারখানা বন্ধ হলেও বিদ্যুতের কোন ঘাটতি হয়নি।অধিকাংশ ইউনিট চালু হয়েছে।বাকী ২টি ইউনিটও রাতের মধ্যে চালু করার চেষ্টা করা হচ্ছে। 
 
ইত্তেফাক/জেডএইচ