শরণখোলায় আগুনে ৮ দোকান পুড়ে গেছে

শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া বাজারে সোমবার ভোরে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। 
 
প্রত্যক্ষদর্শী ও  ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আমড়াগাছিয়া বাজারের মোবারেক আলী বেপারীর লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশে পাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুর লাগার খবর পেয়ে শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই আগুনে বাজারের মোবারেক আলীর লেপতোষক,  মুছা হাওলাদারের হার্ডওয়ার, পান্না মিয়ার ওয়ার্কশপ, নাছির মোল্লার হোটেলরেস্তরা, বাবু সিকদারের লন্ড্রি,  বাবুল বড়ালের পর্যটক কাউন্টার ও জাহাঙ্গীর তালুকদারের পোল্ট্রি দোকান  সম্পূর্ণ পুড়ে যায়। 
 
আমড়াগাছিয়া বাজার কমিটির সভাপতি ও ধানসাগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু দাবি করেছেন, আগুনে বাজার ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 
 
শরণখোলা ফায়ার সার্ভিস ইনচার্জ আ. জলিল সিকদার বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
 
ইত্তেফাক/ইউবি