আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়দানকারী প্রতারক গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় ডিআইজি অফিসে কর্মরত পুলিশ সদস্য পরিচয় দেওয়া এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকেলে পয়সারহাট এলাকার প্রস্তাবিত আমেনা খাতুন কারিগরি মহিলা কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এসআই জামাল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
 
গ্রেপ্তারকৃত মো. রাসেল খন্দকার পূর্ব পয়সা গ্রামের সেলিম খন্দকারের ছেলে।
 
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, রবিবার বিকেলে পয়সারহাট এলাকায় প্রস্তাবিত আমেনা খাতুন কারিগরি মহিলা কলেজের সামনে আঞ্চলিক মহাসড়কে অবৈধ যানবাহন চেকিংয়ের সময় এসআই মো. জামাল হোসেন একটি মোটরসাইকেল থামানোর সংকেত দেন। এ সময় মোটরসাইকেল আরোহী মো. রাসেল খন্দকার নিজেকে বরিশাল বিভাগীয় ডিআইজি অফিসে কর্মরত পুলিশ সদস্য বলে কর্তব্যরত এসআই জামাল হোসেনকে পরিচয় দেয়। কোন পদে তিনি কর্মরত আছেন জানতে চাইলে রাসেল নিজেকে ডিআইজি অফিসের সিভিল অফিসার হিসেবে পরিচয় দেয়। এক পর্যায়ে তার পরিচয়পত্র দেখাতে বললে রাসেল বাংলাদেশ পুলিশের মনোগ্রাম সম্বলিত নিজের পরিচয়পত্র পুলিশকে দেখায়। ওই পরিচয়পত্রে লেখা রয়েছে মো. রাসেল খন্দকার, অফিস সহায়ক (ওএস), আইডি নং-০৫১৯, নিচে উপ মহা পুলিশ পরিদর্শকের স্বাক্ষর রয়েছে। পরিচয়পত্রের অপর পাতায় রাসেলের ব্যক্তিগত পরিচয় ও জন্ম তারিখ উল্লেখ রয়েছে। পরিচয়পত্র দেখে সন্দেহ হলে তাকে থানায় নিয়ে আসা হয়। পরে রবিবার রাতেই পুলিশ বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে থানা নিশ্চিত হয় রাসেল একজন প্রতারক। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল পুলিশের পরিচয়পত্র সংগ্রহের ব্যাপারে চাঞ্চ্যল্যকর তথ্য প্রদান করেছে।’
 
তিনি আরও জানান, এ ঘটনায় এসআই জামাল হোসেন বাদী হয়ে রবিবার রাতে প্রতারক রাসেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১১ (২১.১০.১৮)। সোমবার গ্রেপ্তার রাসেলকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ