চট্টগ্রামে বিএনপির ২ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবে রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক আবুল হাশেম বকরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দুপুরে নগরীর জিইসি মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
পুলিশ জানায়, রবিবার চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের ওপর হামলা ও হাতাহাতির ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
 
প্রসঙ্গত, কোতোয়ালী থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া একটি মামলায় রবিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে মহানগর দায়রা জজ আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার পর কোতোয়ালী থানার এসআই মোহাম্মদ ইদ্রিস বাদী হয়ে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে প্রধান আসামি করে বিএনপির ১৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/বিএএফ