গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত আজাদ মিয়া (৫৫) চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ খবর ছড়িয়ে পড়লে বেলা সোয়া ১১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী মদনেরপাড়া বাজার এলাকায় স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে গাইবান্ধা-বালাসীঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
নিহত আজাদ মিয়ার বাড়ি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া এলাকায়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল হালিম টলস্টয় জানান, অবরোধের খবর পেয়ে তিনিসহ ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন এবং জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান মদনেরপাড়া বাজারের পূর্ব ও পশ্চিম পাশে দুইটি স্পিড ব্রেকার নির্মাণের প্রতিশ্রুতি দিলে দুপুর পৌনে ১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেন।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বলেন, স্থানীয় কাপড় ব্যবসায়ী আজাদ মিয়া গত রবিবার বিকেল ৪ টার দিকে ওই এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বালাসীঘাট থেকে গাইবান্ধাগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল মদনেরপাড়া বাজার অতিক্রম করার সময় তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে আজাদ মিয়া মারা যান।
ইত্তেফাক/বিএএফ