যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পাচ্ছেন পেশাদার কূটনীতিক সাইদা মুনা তাসনীম। বর্তমানে তিনি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে থাইল্যান্ডের রাষ্ট্রদূত হচ্ছেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাইদা মুনা তাসনীম থাইল্যান্ডে রাষ্ট্রদূত হওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ বহিঃপ্রচার অণুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। কূটনীতিক হিসেবে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এবং লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিস থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন।
নাজমুল কাওনাইন বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। ২০১৬ সালে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের দায়িত্ব নেওয়ার আগে তিনি রাষ্ট্রদূত হিসেবে সংযুক্ত আরব আমিরাতে এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস, জেনিভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ইসলামাবাদ ও যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর নাজমুল কাওনাইন জেনেভায় গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন।
ইত্তেফাক/নূহু