দুর্গাপূজা উপলক্ষ্যে ফ্রান্সে হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের শুভেচ্ছা বিনিময়

দুর্গাপূজা উপলক্ষ্যে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন হিন্দু ধর্মালম্বীদের সম্মানে ২১ অক্টোবর রবিবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। প্যারিসে রাষ্ট্রদূতের  সরকারি বাসভবন "বাংলাদেশ ভবন" এ আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীরা সপরিবারে অংশগ্রহণ করেন। 
 
নারী-পুরুষ, শিশু-কিশোর, নবীন-প্রবীনসহ শতাধিক প্রবাসীর উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি  এক পর্যায়ে মিলন মেলায় পরিণত হয়। পূজাভিত্তিক সংগঠনগুলো রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান । রাষ্ট্রদূতে আয়োজনে এ ধরণের সংবর্ধনা এই প্রথমবারের মতো হওয়ায় এ নিয়ে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা ধন্যবাদ জ্ঞাপনসহ তাদের আবেগঘন অভিব্যক্তি ব্যক্ত করেন । অনুষ্ঠানে হিন্দু ধর্মালম্বীদের পাশাপাশি প্রবাসী নেতৃস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন । 
IMG0
রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন তার বক্তব্যে বলেন, "ধর্ম যার যার - উৎসব সবার" প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বাণী একদিকে যেমন পরধর্মসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে, অন্যদিকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পৃথিবীর বুকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার তার দৃঢ় সঙ্কল্প আর অঙ্গীকার ব্যক্ত করে । 
 
রাষ্ট্রদূত দুর্গাপূজা উপলক্ষ্যে ফ্রান্সে বসবাসরত প্রবাসী হিন্দু ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
 
ইত্তেফাক/নূহু