কাশ্মির নিয়ে মন্তব্য করায় পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের কঠোর সমালোচনা করেছে ভারত। গতকাল সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে যা খুবই দুঃখজনক। পাকিস্তানি নেতার উচিত নিজের দেশের বিষয়ে গুরুত্ব দেওয়া। পাকিস্তানের উচিত সকল ধরনের সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসীদের আশ্রয় প্রদান বন্ধ করা।
উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘হত্যাযজ্ঞে’র তীব্র প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার টুইটারে এ প্রতিবাদ জানিয়েছেন তিনি। ইমরান খান বলেন, ‘ভারতের দখলকৃত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর দ্বারা নতুন করে নিরপরাধ মানুষ হত্যার তীব্র নিন্দা জানাই।’
সংলাপের মাধ্যমে কাশ্মীর সমস্যা সমাধানের উদ্যোগ নিতে ভারতকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। ইমরান বলেন, ‘সংলাপের মাধ্যমে জাতিসংঘের রেজ্যুলেশন অনুযায়ী কাশ্মীর সমস্যা সমাধানের সময় হয়েছে। বিষয়টি ভারতের বোঝা দরকার।’
কাশ্মীর ইস্যুতে উপত্যকার জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানোরও আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
সম্প্রতি কাশ্মীরে ব্যাপকভিত্তিক অভিযান শুরু করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এতে সংঘর্ষে জড়িয়ে প্রাণ হারাচ্ছে বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ইত্তেফাক/মোস্তাফিজ