রাউজান বৌদ্ধ বিহারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বিনাজুরী ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মৈত্রী নিকেতন বৌদ্ধ বিহারে এই দুর্ধর্ষ চুরির ঘটনাটি ঘটে।
বিহারের অধ্যক্ষ কে শ্রী ইন্দ্রবংশ থের দৈনিক ইত্তেফাককে জানান, গত সোমবার রাতে তিনি বিহারের বাইরে ছিলেন। সেই দিন রাত ৮টা পর্যন্ত এলাকার তরুণেরা প্রতারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস তৈরি কাজ করেছিল। আমি সকালে বিহারে এসে দেখি গেটে থালা ভাঙ্গা, আমার কক্ষের মালামাল উলট-পালট। দুর্বৃত্তরা বিহারের দানবাক্স ভেঙ্গে টাকা নিয়ে গেছে। তা ছাড়া আমার কাছে সংরক্ষিত থাকা এক আমেরিকা প্রবাসীর মানবিক কাজের জন্য দান করা প্রায় এক লাখ টাকা আলমারি ভেঙ্গে নিয়ে যায়।
এই ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য দেবপ্রিয় বড়ুয়া দেবু চুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক ইত্তেফাককে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মন্দির কমিটি আলোচনা করে মামলার প্রস্তুতি নিবেন।
রাউজান থানা সেকেন্ড অফিসার এস.আই নুরুন নবী বলেন, এই ঘটনার ব্যাপারে কোন তথ্য বা অভিযোগ আমাদের কাছে আসেনি।
ইত্তেফাক/জেডএইচ