উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ভোলার বোরহানউদ্দিন উপজেলা তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের অপরাধে ৫ জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেরা হলেন মোস্তফা (৫৩), রেজাউল (১৮) ইব্রাহিম (২৮), আলম সর্দার (৩৮), আব্দুল হান্নান, আশিক, রাকিব ও ইসমাইল।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাজমুস সালেহীন জানান, সোমবার রাতে তার নেতৃত্বে একটি দল বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় মা ইলিশ ধরার অপরাধে গংগাপুর ইউনিয়নের সৈয়দ ফরাজীর ছেলে মোস্তফা, ২নং ওয়ার্ডের চুন্নুর ছেলে রেজাউল, কয়ছর ফরাজীর ছেলে ইব্রাহিম, জয়নাল আলীর ছেলে আলম সর্দার ও আব্দুল হান্নান, আশিক, রাকিব ও ইসমাইলকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আ. কুদদূস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোস্তফা, রেজাউল ইব্রাহিম,আলম সর্দার প্রত্যেককে ১ বছরের কারাদণ্ড দেন। আর আব্দুল হান্নান, আশিক, রাকিব ও ইসমাইল প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেন।
ইত্তেফাক/জেডএইচ