‘মিথ্যা অডিট রিপোর্ট দেওয়া কোম্পানির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক’

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন, জয়েন্ট স্টক কোম্পানি, ব্যাংক, আয়কর বিভাগ ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে জমা দেয়া আর্থিক বিবরণী অভিন্ন না হওয়া কয়েকটি কোম্পানির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। 
 
মঙ্গলবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
 
তিনি আরো বলেন, জয়েন্ট স্টক কোম্পানি, ব্যাংক, আয়কর বিভাগ ও ক্ষেত্রমতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে দাখিলকৃত একই বছরের আর্থিক বিবরণী একই অডিট ফার্মের মাধ্যমেই সম্পন্ন করতে হবে এবং আর্থিক বিবরণীটি হতে হবে অভিন্ন। মিথ্যা ও ভিন্ন ভিন্ন আর্থিক বিবরণী জমা দেয়া কয়েকটি অভিযোগ কমিশনে এসেছে। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
 
দুদকে আসা অভিযোগের ব্যাপারে চেয়ারম্যান বলেন, এ সকল অভিযোগে দেখা যায় কোনো কোনো প্রতিষ্ঠান একই অর্থ বছরে ব্যাংক অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যে পরিমাণ সম্পদ দেখিয়ে ফাইন্যানসিয়াল বিবরণী জমা দিয়েছেন, ঠিক একই বছরে আয়কর বিভাগে অনেক কম সম্পদ দেখিয়ে ফাইন্যানসিয়াল বিবরণী জমা দিয়েছেন। তিনি বলেন, এ সকল অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে, অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/এমআই