ফরিদপুরের চরভদ্রাসনে মা ইলিশ শিকারের দায়ে ২৬ জেলেকে বুধবার সকালে ছয়দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট মো. বায়েজিদুর রহমান। এ সময় তার সাথে ছিলেন উপজেলা মত্স কর্মকর্তা মালিক তানভীর হোসন ও চরভদ্রাসন থানা পুলিশ।
আটককৃতদের মধ্যে সদরপুর উপজেলার ২২ জন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার একজন ও জামালপুর জেলার তিনজন রয়েছেন। পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের জন্য এদের আটক করা হয়।
আটককৃতদের কাছ হতে ৩০ হাজার মিটার জাল ও আনুমানিক ৬০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। আটককৃত জাল গোপালপুর ফেরী ঘাটে এনে পুড়িয়ে ফেলা হয় এবং মাছ স্থানীয় এম কে ডাঙ্গী মাদ্রাসা ও এতিম খানা, বাইতুস সালাম মহিলা মাদ্রাসা, দারুস সুন্নাহ আরাবিয়া মাদ্রাসা ও মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসায় বন্টন করে দেয়া হয়।
ইত্তেফাক/এএম