নারায়ণগঞ্জে চুল্লী বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রি রোলিং মিলে চুল্লী বিস্ফোরণে দগ্ধ হয়ে বাবুল (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো ৪ শ্রমিক। বুধবার সকালে ফতুল্লার পাগলা এলাকার অবস্থিত চাকদা স্টিল রি রোলিং মিলে এ ঘটনা ঘটে। 
 
আহত বাবুলকে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে তার মৃত্যু ঘটে। নিহত বাবুল ময়মনসিংহের গফরগাঁওয়ের আব্দুল জব্বারের ছেলে। 
 
আহতরা হলেন- জুয়েল (২৮), সুমন (২৫), মঈনুল (২২) ও শাহাদাৎ (২৮)। আহতদের মধ্যে জুয়েলের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। 
 
চাকদা স্টিল রি রো-রোলিং মিলের ম্যানেজার নুরল ইসলাম জানান, সকালে চুল্লীতে কাজ করার সময় হঠাৎ উপর থেকে একটি বড় ধাতব খণ্ড চুল্লীতে পড়লে সেটির বিস্ফোরণ হয়। এতে সেখানে থাকা ৫ শ্রমিক গুরুতর আহত হলে ঢাকা মেডিক্যালে নেওয়ার পর বাবুল মারা যায়। আহতদের ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
 
ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জেডএইচ